নীলফামারীতে জেএমবির চার সদস্যের ৭ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে অস্ত্র আইনের মামলায় জেএমবির চার সদস্যের সাত বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নীলফামারীর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. আনছার আলী এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের গোলজার হোসেন (২২), একই জেলার জলঢাকা উপজেলার মুন্সিপাড়া গ্রামের নুর-ই আলম (২৫), লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর গ্রামের আবদুল বারী ওরফে গকুল (২৫) ও একই জেলার পাটগ্রাম উপজেলার ঘোনাবাড়ী গ্রামের রাসেল (১৮)। তাঁদের মধ্যে রাসেল পলাতক।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৩ ডিসেম্বর রাতে জেএমবির গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ জলঢাকা উপজেলার শৌলমারী হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় ডিমলা উপজেলার গোলজার, জলঢাকা উপজেলার শৌলমারী মুন্সিপাড়া গ্রামের মামুনুর রশিদ (৪০) ও একই গ্রামের নুর-ই আলমকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা করে পুলিশ। ওই মামলার রিমান্ডে গোলজারের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গকুলকে আটক করে। গকুল ও রাসেলের বাড়ি থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে রাসেলকে আটক করা যায়নি। এ ঘটনায় জলঢাকা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে মামুনুর রশিদকে অব্যাহতি দিয়ে বাকি চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।