নীলফামারীতে জেলা নায়েবে আমিরসহ ১৬ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমিরসহ ১৬ নেতা-কর্মীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গত শনিবার বিকেলে ওই সংঘর্ষের পর পুলিশ ও ছাত্রলীগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে সদর থানায় দুটি পৃথক মামলা করে।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলাটি করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন। ছাত্রলীগের পক্ষে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আসাদুজ্জামান আরিফ। উভয় মামলায় জামায়াতের জেলা আমিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েক শ ব্যক্তিকে আসামি করা হয়েছে।ওসি জানান, এসব মামলায় পুলিশ রাতেই জেলা জামায়াতের আমির শাহ মুজাম্মিল হক, নায়েবে আমির আজিজুল ইসলামসহ দলের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ওই সংঘর্ষে আহত জেলা আমিরসহ সাতজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিত্সাধীন। বাকি ১৬ জনকে গতকাল বিকেলে নীলফামারী মুখ্য বিচারিক হাকিম মো. মনসুর আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে নেওয়া ১৬ জন হলেন জামায়াতের জেলা নায়েবে আমির জলঢাকা আইডিয়াল কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলাম, জেলা সেক্রেটারি আবদুর রশিদ, লেবু মিয়া, আবদুল্লাহ, গোলাম রব্বানী, মোরছালিন, আবদুস সবুর, আতাউর রহমান, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, মজিবুর রহমান, মোকছুদার রহমান, আনোয়ারুল ইসলাম, আশরাফ উদ্দিন শাহ, হাফিজুর রহমান শাহ ও আবদুল্লাহ। এদিকে সংঘর্ষের ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ছাত্রলীগের নীলফামারী সরকারি কলেজ শাখার নেতা-কর্মীরা গতকাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।