নীলফামারীতে ট্রাকের চাকায় শিশু নিহত
নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুস সালাম নামের ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল আটটার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের ডোমার ইউনিয়নের বড়রাউতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি বড়রাউতা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। শিশুটি স্থানীয় ফুলকুড়ি একাডেমি স্কুলের প্লে গ্রুপের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ডোমার থেকে দ্রুতগতিতে দেবীগঞ্জ যাচ্ছিল একটি ট্রাক। এ সময় রাস্তা পার হতে গিয়ে শিশুটি ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়কটি অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী বলেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।