নীলফামারীতে ডায়রিয়ায় দুই দিনে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার রামনগর ও টুপামারী ইউনিয়নে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে গত রোববার ও গতকাল সোমবার রামনগরের দুই বাসিন্দার মৃত্যু হয়েছে।তাঁরা হলেন রামনগরের সরাটারী গ্রামের আকবর আলীর স্ত্রী অফেজা বেগম (৫৫) ও ডাঙ্গাপাড়া গ্রামের বক্তার হোসেন (৪০)। গতকাল ভোরে নিজ বাড়িতে অফেজা এবং রোববার দুপুরে আধুনিক সদর হাসপাতালে বক্তারের মৃত্যু হয়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. আবদুল মজিদ সরকার প্রথম আলোকে বলেন, মৃত বক্তার মেনিনজাইটিসসহ অন্যান্য রোগের সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যেতে রাজি হননি। তাই সদর হাসপাতালেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আর অফেজা তাঁর বাড়িতে মারা গেছেন।নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত ২২ জন রোগী ভর্তি হয়েছে। আর দুই দিনে হাসপাতালে এসে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে সরাটারী ও ডাঙ্গাপাড়া গ্রাম এবং পার্শ্ববর্তী টুপামারী ইউনিয়নের টেংরারগর গ্রামের শতাধিক রোগী। এদিকে সদর আধুনিক হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য শিরায় দেওয়া স্যালাইনের সংকট দেখা দিয়েছে বলে কর্তব্যরত সেবিকারা জানিয়েছেন।তবে আবদুল মজিদ বলেছেন, স্যালাইনের তেমন সংকট নেই। স্যালাইনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি জানান, ডায়রিয়া পরিস্থিতি মোকাবিলায় রামনগর ও টুপামারী ইউনিয়নে চিকিৎসা দল কাজ করছে।আধুনিক সদর হাসপাতালে আক্রান্ত আত্মীয়কে দেখতে আসা সরাটারী গ্রামের রবিউল ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, তাঁদের বাড়ির ১৫ জন সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের দেখতে তাঁর নানি নাসিমা বেগম (৬৫) এলে তিনিও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে হাসপাতালে ভর্তি হন।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুর রফিক গতকাল ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটা এলাকা পরিদর্শন করে বলেন, ওই এলাকায় নদীর পানির সঙ্গে শৌচাগার স্থাপন করায় পানি দূষিত হয়ে ডায়রিয়া ছড়াচ্ছে।