নীলফামারীতে ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ
নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল বুধবার নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন। একই দিন তিনি শহর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল সকালে শহরের ফুড অফিস সড়কে নিজ বাড়ির সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শহরের মাধার মোড়, জেলা সদরের লক্ষ্মীচাপ ও চওড়া গ্রামের ১২টি পরিবারকে তিনি ১২ বান্ডিল ঢেউটিন দেন। বিকেলে তিনি জেলা সদরের চাঁদেরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯টি দোকানের মালিকদের ১৯ বান্ডিল ঢেউটিন দেন। দারোয়ানী বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ জন দোকান-মালিককে তিনি মঙ্গলবার সন্ধ্যায় ১৯ বান্ডিল ঢেউটিন দেন। এ ছাড়া গতকাল দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের ডাঙ্গাপাড়ায় ৩৫০ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী প্রমুখ।