নীলফামারীতে তিন জেএমবি সদস্য গ্রেপ্তার একজনের জবানবন্দি
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জেএমবির তিন সদস্যের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেএমবির অপর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শনিবার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীতে নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশ, বিচারক, পীর, খাদেমসহ অন্য ধর্মাবলম্বীদের নাস্তিক আখ্যায়িত করে হত্যার ছক করেছে—এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে প্রথমে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনিয়াপাড়া গ্রামের আবদুর রহমানকে (২৫) আটক করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের সাহেব আলীর দুই ছেলে মাসুদার রহমান ওরফে ইব্রাহীম ওরফে মাসুদ (৪২) ও মোশাররফ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তল, ছয়টি হাতবোমা, একটি চাপাতি ও চারটি চাকু।
মামলার তদন্ত কর্মকর্তা ও নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন ডিবি পুলিশের এসআই এরশাদ হোসেন।
ওসি বাবুল আকতার আরও বলেন, গত সোমবার বিকেলে ওই তিনজনকে নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনের আদালতে হাজির করে আবদুর রহমানের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। মাসুদার রহমান ও মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গতকাল মঙ্গলবার ওই দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।