নীলফামারীতে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল সন্ধ্যায় বেলুন উড়িয়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জেলা শিল্পকলা একাডেমী তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে l প্রথম আলো
নীলফামারীতে গতকাল সন্ধ্যায় বেলুন উড়িয়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জেলা শিল্পকলা একাডেমী তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে l প্রথম আলো

নীলফামারীতে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা পর্যায়ের তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এর আগে মন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।
পরে সেখানে জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে পাঁচজন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন চারুকলায় মুক্তিযোদ্ধা জি এম রাজ্জাক, কণ্ঠসংগীতে সামসুল হুদা, লোকসংস্কৃতিতে আহসান রহিম, নৃত্যকলায় দৌলত জাহান ও নাট্যকলায় সুফি মনিরুজ্জামান খন্দকার।
উৎসবের প্রথম দিনে ডিমলা উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন।