নীলফামারীতে চাচাতো ভাইকে হত্যার দায়ে তিন ভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মাববুবুল আলম ওই আদেশ দেন।
একই মামলায় পাঁচজনের এক বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডিকশো মোল্লাপাড়া গ্রামের নিহত বদিউজ্জামানের চাচাতো ভাই মকছেদুল ইসলাম, মকছেদুলের ছোট ভাই মোস্তাকিন ও তাঁদের চাচাতো ভাই আসান উদ্দীনের ছেলে এমদাদুল হক । এক বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মকছেদুলের বাবা মোজাহারুল ইসলাম, মকছেদুলের মা নেছাবী বেগম, মকছেদুলের স্ত্রী অবিতন, মোস্তাকিনের স্ত্রী লিপি, মকছেদুল ও মোস্তাকিনের ছোট ভাই মহসীন আলীর স্ত্রী নমনী। তবে মোস্তাকিন, লিপি ও অবিতন পলাতক রয়েছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর জ্বালানি খড়ি নিয়ে সংঘর্ষে বদিউজ্জামান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বদিউজ্জামানের ভাই সাইফুল পরদিন আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।