নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গতকাল মঙ্গলবার সকাল থেকে নীলফামারী জেলার তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ২০ গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, উজান থেকে নেমে আসা পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের সবগুলো (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে।
ডিমলার টেপাখড়িবাড়িইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল ইসলাম ও গোলাম রব্বানী বলেন, ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকায় গত মাসের বন্যায় বিধ্বস্ত ক্রসবাঁধ দিয়ে গতকাল পানি ঢুকে এই দুই ওয়ার্ডের প্রায় ৮০০ ঘরবাড়ি কোমরপানিতে তলিয়ে গেছে। এ ছাড়া উপজেলার পূর্বছাতনাই-খগাখড়িবাড়ি-গয়াবাড়ি-খালিশাচাঁপানী-ঝুনাগাছ চাঁপানী এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি-গোলমুণ্ডা-শৌলমারী ও কৈমারী ইউনিয়নে প্রায় ১০ হাজার পরিবারের ঘরবাড়ি তলিয়ে গেছে।
টেপাখড়িবাড়িইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এই এলাকায় বন্যার পাশাপাশি তিস্তার ভাঙনে মানুষের ভিটেমাটি বিলীন হচ্ছে। ক্ষতির মুখে পড়েছে আমন ও শীতকালীন সবজি খেত।
ডিমলা উপজেলার ডালিয়ায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রমতে, গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকাল নয়টায় পাঁচ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার।