নীলফামারীতে তিস্তার ভাঙনে গৃহহারা মানুষ

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চরখড়িবাড়ি ও পূর্ব খড়িবাড়ি গ্রামে তিস্তা নদীর পানি প্রবেশ করেছে। এতে ওই দুই গ্রামের অর্ধশত বাড়ি বিলীন হয়ে গেছে।
গতকাল শুক্রবার দুপুরে ডিমলা উপজেলার ডালিয়ায় তিস্তা নদীর পাশে গিয়ে দেখা যায়, চারটি পরিবার তাদের আসবাব নৌকায় করে এনে ট্রাক্টরে তুলছে। এ সময় পূর্ব খড়িবাড়ি গ্রামের আবেদ আলী (৩৫) বলেন, স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধটি ভেঙে তিস্তার পানি প্রবেশ করায় চরখরিবাড়ি ও পূর্ব খড়িবাড়ি গ্রাম প্লাবিত হয়েছে। তাঁর দুটি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। আরও দুটি ঘর ভাঙনের মুখে পড়ায় বাধ্য হয়ে সেগুলো ভেঙে নিয়ে পরিবার-পরিজনসহ চাচার বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামে যাচ্ছেন।
সন্ধ্যায় মুঠোফোনে কথা হয় টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, তিস্তার পানির তোড়ে স্বেচ্ছাশ্রমে নির্মিত এক হাজার মিটার একটি বালুর বাঁধের প্রায় অর্ধেক ভেঙে যাওয়ায় দুটি গ্রামের অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা প্রণয়নের কাজ চলছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল ছয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টায় ৫ সেন্টিমিটার এবং বেলা তিনটায় আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে।