নীলফামারীতে তিস্তায় পলি অপসারণ শুরু
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে পলি অপসারণের কাজ শুরু হয়েছে। গতকাল রোববার দুপুরে তিস্তা ব্যারাজের উজানে পলি অপসারণকাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন।মোতাহার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় আজ পলি অপসারণকাজের শুভসূচনা করা হলো।’ভারতের সঙ্গে তিস্তা চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, এটা আমাদের ন্যায্য দাবি। তাই খুব শিগগির এবং এই সরকারের সময়েই তিস্তা চুক্তি বাস্তবায়িত হবে।’পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ১৯৭৯ সালে তিস্তা ব্যারাজ নির্মাণের পর থেকে একবারও তিস্তা নদীর পলি অপসারণ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রংপুর) আতিকুর রহমান বলেন, ব্যারাজের উজানে জলাধারে ৫০০ মিটার এবং ভাটিতে তিন কিলোমিটার পলি অপসারণের কাজ শুরু হয়েছে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি অনেক জমি আবাদের উপযোগী হবে।