নীলফামারীতে তিস্তায় পানি বৃদ্ধি, ১৫ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গত রোববার রাতে নীলফামারীর তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের ১৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে।
ওই এলাকার লোকজন জানান, রোববার গভীর রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এতে লালমনিরহাটের হাতীবান্ধার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে ডিমলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি এবং জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রাম বন্যাকবলিত হয়।
ডিমলার খালিশা চাঁপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রমজান আলী জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পশ্চিম বাইশপুকুর, ছোটখাতা, বানপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি রয়েছে।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি, দক্ষিণ খড়িবাড়ি ও উত্তর খড়িবাড়ি গ্রামের প্রায় পাঁচ শ পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব পরিবারের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে।
পূর্বছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নদীর পানি বৃদ্ধির জন্য এলাকায় বন্যা শুরু হয়েছে। ঝাড়শিঙ্গেশ্বর চরের কাছ দিয়ে তিস্তার আরেকটি চ্যানেল তৈরি হয়ে প্রবাহিত হওয়ায় সেখানে ভাঙন শুরু হয়েছে। সোমবার সকালে ওই চরের চারটি পরিবারের ভিটাবাড়ি তিস্তা নদীতে বিলীন হয়েছে। ১০টি পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব কটি গেট খুলে দেওয়া হয়েছে। এখন পানি কমছে। গতকাল সকাল ছয়টায় পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সকাল নয়টায় কিছুটা কমে ১৪ সেন্টিমিটার, দুপুর ১২টার দিকে আরও কমে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।