নীলফামারীতে দায়িত্বে অবহেলা করায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দু্ই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে অপর দুই জনের বেতন বন্ধ রাখা হয়েছে। পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজ উদ্দিন গত সোমবার নীলফামারী জেলা শিল্পকলা মিলনায়নে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন। এতে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এতে নিয়াজ উদ্দিন প্রধান অতিথি ছিলেন। ডিমলা উপজেলার সদর ইউনিয়নের সাব অ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আনারুল ইসলাম ও পরিবার পরিকল্পনা বিভাগের (এফপিআই ) রঞ্জিত কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যে দুইজনের বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের এফডব্লিউভি মর্জিনা বেগম, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের স্যাকমো আব্দুল মজিদ । পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নীলফামারীর উপপরিচালক আফরোজা বেগম জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম নিয়ে মহাপরিচালকের করা বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নির্দেশের কাগজ খুব শিগগিরই চলে আসবে।