নীলফামারীতে দুই দিনব্যাপী শিশুমেলা শুরু
নীলফামারীতে গতকাল সোমবার দুই দিনব্যাপী শিশুমেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে শহরের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এ মেলা শুরু হয়েছে। ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক সরকারি প্রকল্পের আওতায় ওই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকেরা বলেন, দুই দিনের এই মেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, চলচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। মেলায় সরকারি-বেসরকারি সেবাদান প্রতিষ্ঠানের ২৮টি স্টল স্থান পেয়েছে।
বেলা ১১টার দিকে উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মোস্তাক আহম্মেদ প্রমুখ। এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।