নীলফামারী সদরে গতকাল মঙ্গলবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর হাড়োয়া মনসাপাড়ায় সাড়ে আট বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার হরিপদ রায়ের সঙ্গে মফিদুল ইসলামের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। গতকাল হরিপদ রায় তাঁর লোকজন নিয়ে ওই জমিতে হালচাষ করতে গেলে মফিদুল ও তাঁর লোকজন বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে তিন নারীসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিপদ রায় বলেন, ‘ওই জমি ভুয়া দলিলে ক্রয় করে মফিদুল ভোগদখল করছিলেন। এ নিয়ে আদালতে মামলা করার পর আদালত আমাদের পক্ষে রায় দেন।’ তবে মফিদুল বলেন, ‘এ জমি আমরা ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে প্রায় ৩৮ বছর ধরে ভোগদখল করছি।’