নীলফামারীতে দুই ভাই নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত হওয়ার ঘটনায় ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে নিহত ব্যক্তিদের মেজো ভাই ইদ্রিস আলী মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে দক্ষিণ চিকনমাটি কামাতপাড়া গ্রামে মৃত জামিলার রহমানের ছেলে আনোয়ারুল ইসলামের সঙ্গে তাঁর সৎভাই জাহেদুল ইসলাম (৫৫) ও জাহাঙ্গীর ইসলামের (৩৫) সংঘর্ষ হয়। এ সময় জাহেদুল ও জাহাঙ্গীরকে হত্যা করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, মামলায় নিহত ব্যক্তিদের সৎভাই আনোয়ারুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। আনোয়ারুলের ভগ্নিপতি রশিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে গতকাল ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।