নীলফামারীতে দুই স্কুলছাত্রকে হত্যা
নীলফামারীর ডোমার উপজেলায় নবম শ্রেণীর দুই ছাত্র খুন হয়েছে। তারা হলো সুমন বাবু ও মোমিনুজ্জামান শান্ত। গতকাল শনিবার সকালে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার রাতে তাদের হত্যা করা হয়।
শান্তর (১৪) বাড়ি উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামে। সুমনের (১৪) বাড়ি উত্তর আমবাড়ির মাঝাপাড়া গ্রামে। দুজন স্থানীয় বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল আটটার দিকে জোডাবাড়ি ইউনিয়নের ভেলারডাঙ্গা নাউয়াটারীতে কৃষিজমিতে মাটিচাপা দেওয়া সুমনের লাশ দেখতে পান এলাকাবাসী। তার হাত বাইরে ছিল। এর কিছুক্ষণ পর সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একই ইউনিয়নের ডারারপুল এলাকায় খালের ধারে শান্তর লাশ পাওয়া যায়। পরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। আজ রোববার ময়নাতদন্তের জন্য লাশ দুটি জেলা হাসপাতাল মর্গে পাঠানোর কথা। সুমনের মা সোনা বেগম প্রথম আলোকে জানান, ‘শুক্রবার রাত আটটার দিকে শান্ত আমাদের বাসায় এসে দাওয়াত খাওয়ার কথা বলে সুমনকে নিয়ে বেরিয়ে যায়। ওরা দুজনে অন্তরঙ্গ বন্ধু হওয়ায় কোথায় যাচ্ছে জানতেও চাইনি। অনেক রাতেও ওরা ফিরছে না দেখে বিভিন্ন স্থানে খোঁজখবর নিই। কিন্তু কেউ তাদের সন্ধান দিতে পারেনি। সকালে ওদের লাশের খবর পাই।’
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম সিদ্দিকী গতকাল সন্ধ্যায় জানান, দুর্বৃত্তরা সুমনকে গলা কেটে এবং শান্তর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।