নীলফামারীতে দুই হাজার পরিবার বন্যাকবলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানি বেড়ে নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ১৫টি চর ও গ্রামের ২ হাজারের বেশি পরিবারের লোকজন বন্যাকবলিত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত ডিমলার ডালিয়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল নয়টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১২টায় অবশ্য তা কমে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবো ডালিয়া বিভাগের উপসহকারী প্রকৌশলী সুরত উজ জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, নদীর পানি বাড়ায় ডিমলার খালিশা চাঁপানী, টেপাখড়িবাড়ি ঝুনাগাছ চাঁপানী, খগাখড়িবাড়ি, পূর্ব ছাতনাই, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, শৌলমারী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, পূর্ব ছাতনাই ও ঝাড়শিংহেরশ্বর গ্রামের সাত শতাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।
টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বন্যায় ইউনিয়নের তিস্তাবেষ্টিত চার গ্রামের পাঁচ শতাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে। তাদের সহায়তার জন্য উপজেলা পরিষদে চাহিদাপত্র দেওয়া হয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, বন্যাকবলিতদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
পাউবো ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে তিস্তা বাঁধের উজানে জিরো পয়েন্টে ও জলঢাকার ডাউয়াবাড়ি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সেখানে জরুরি ভিত্তিতে ভাঙন ঠেকানোর কাজ চলছে।