নীলফামারীতে দুটি বাল্যবিবাহ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার বাল্যবিবাহের অনুষ্ঠানে অভিযান চালিয়ে কনের বাবা নেজাম উদ্দীন (৫৫) ও বরের চাচা ইসরাফিলকে (৫০) ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই দিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী কনের বাড়িতে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন।
উপজেলা প্রশাসন ও থানা–পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার বাহাগিলি ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে সাদা মিয়ার (১৭) বিয়ের আয়োজন চলছিল। এ সময় কনের বাবা নেজাম উদ্দীনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন ইউএনও সিদ্দিকুর রহমান। তাঁদের উপস্থিতি টের পেয়ে বরের বাবা পালিয়ে গেলেও নেজাম উদ্দীন ও বরের চাচা ইসরাফিলকে আটক করে পুলিশ। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নেজাম উদ্দীন ও ইসরাফিলকে ২১ দিন করে কারাদণ্ড দেন। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের রামনগর ইউনিয়নের চরচরাবাড়ি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন ইউএনও সাবেত আলী। এ সময় মেয়ের বাবা পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।