নীলফামারীতে দুটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ-কচুকাটা সড়কের বুড়িখোড়া নদীর ওপর ও কচুকাটা-পঞ্চপুকুর সড়কে যমুনেশ্বরী নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সেতু দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর। বুড়িখোড়া নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে হরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে রামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন এলজিইডির নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আবদুল বাছেদ, টুপামারী ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন চৌধুরী প্রমুখ।এলজিইডি সূত্রমতে, সরকারের অর্থায়নে রামগঞ্জ বাজারের কাছে বুড়িখোড়ো নদীর ওপর ৭০ মিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৭ মিটার প্রস্থের সেতুটির নির্মাণব্যয় ধরা হয়েছে এক কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। এক বছরের সময়সীমা দিয়ে গত ২৫ জানুয়ারি এর কার্যাদেশ দেওয়া হয়েছে। এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে কচুকাটা-পঞ্চপুকুর সড়কে যমুনেশ্বরী নদীর ওপর ৬০ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৫ দশমিক প্রস্থের সেতুটির কার্যাদেশ দেওয়া হয়েছে গত ১৯ জানুয়ারি।