নীলফামারীতে দুটি হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পৃথক দুটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে পৃথক ওই দুই আদালতে এ রায় প্রদান করা হয়।
স্ত্রী সন্ধ্যা রানী রায়কে হত্যার দায়ে স্বামী বিপুল চন্দ্র রায়ের (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর। অপর মামলায় কৃষক সফিয়ার রহমানকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম।
কৃষক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সৈয়দপুর উপজেলার খাতামধুপুর গ্রামের মকিম উদ্দীনের ছেলে বাবুল (৩৮), তাঁর বড় ভাই মোসলেম উদ্দীন (৪২), চাচাতো ভাই দুলাল হোসেন (৩৭), আবদুল মজিদ (৪০) (পলাতক) ও ভাতিজা (রায়হানের ছেলে) সাইফুল ইসলাম (২৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২০ এপ্রিল যৌতুকের দাবিতে জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সাতজান গ্রামের গৃহবধূ সন্ধ্যা রানী রায়কে পিটিয়ে হত্যা করেন তাঁর স্বামী বিপুল চন্দ্র রায়।
অন্যদিকে, ২০০৯ সালের ২৩ জুন পূর্বশত্রুতার জের ধরে জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক সফিয়ার রহমানকে পিটিয়ে আহত করে তাঁর প্রতিপক্ষরা। এ সময় জেলার সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আবদুল আজিজ বাদী হয়ে ২৪ জুন সৈয়দপুর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার শুনানিতে পাঁচজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেকের ১০ হাজার করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন বিচারক। মামলার অন্য ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।