নীলফামারীতে ধান-চাল কেনায় ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় খাদ্যগুদামে পর্যাপ্ত জায়গা ও বস্তা না থাকায় সরকারের ধান-চাল ক্রয় অভিযান ব্যাহত হচ্ছে। ১৫ দিন ধরে জেলার সাতটি সরকারি খাদ্যগুদামে ধান ও চাল কেনা হচ্ছে না। এতে বাজারে ধানের দাম কমে যাওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছে।সদর উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, গুদামে পর্যাপ্ত জায়গা এবং ধান ও চাল সংরক্ষণের বস্তা না থাকায় প্রায় ১৫ দিন ধরে ধান চাল সংগ্রহ অভিযান প্রায় বন্ধ রয়েছে। এতে বাজারে ধান ও চালের দাম কমে গেছে। এখন বাজারে ৭৫ কেজি ওজনের ধানের প্রতি বস্তা ৮৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ একই ওজনের বস্তার সরকারি দাম এক হাজার ৩৫০ টাকা। নজরুল ইসলাম আরও জানান, সরকারের সঙ্গে তাঁর ৯৬ মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি হয়েছিল। কিন্তু বস্তাসংকট ও গুদামে জায়গা না থাকায় তিনি এ পর্যন্ত প্রায় ৪৮ মেট্রিক টন চাল সরবরাহ করতে পেরেছেন। জেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলার সাতটি খাদ্যগুদামে ১৯ হাজার ৩৪৯ মেট্রিক টন চাল এবং দুই হাজার ৪৭৭ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সাত হাজার মেট্রিক টন চাল এবং ৬৯০ মেট্রিক টন ধান কেনা হয়েছে। জেলা খাদ্যনিয়ন্ত্রক গোলাম মওলা গুদামে বস্তা ও জায়গার অভাবের কথা অস্বীকার করে বলেন, ‘এখনো যথেষ্ট সময় আছে, আমরা ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব।’ তিনি জানান, সামান্য কিছু সমস্যা আছে। দুই-তি দিনের মধ্যে এসব সমস্যা সমাধান হয়ে যাবে।