নীলফামারীতে নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১০টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার রোপা আমনের চারা ও বীজতলা নষ্ট হয়ে গেছে। এদিকে কুড়িগ্রামে আবারও বন্যায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দ্বিতীয় দফা বন্যায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব টেপাখড়িবাড়ি গ্রামের কৃষক অছি মণ্ডল (৬৫) বলেন, তিনি দুই বিঘা জমিতে বীজতলা করেছেন। কিন্তু বন্যায় বীজতলার ওপর বালি জমে সব নষ্ট হয়ে গেছে। এখন আমনের চারা সংগ্রহ করতে না পারলে তাঁর ১০ বিঘা জমি পতিত থাকবে।উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ‘আমার ইউনিয়নে প্রায় ১২ হেক্টর বীজতলা ও ৩০০ হেক্টর রোপা আমনের চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’ ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা আবতাব উদ্দিন বলেন, ডিমলা উপজেলায় ৩৫ একর বীজ তলা এবং ৫১০ একর রোপা আমনের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়ায় অবস্থিত বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তার পানি মঙ্গলবার বেলা তিনটায় বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ছয়টায় আরও তিন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। কুড়িগ্রামের পাউবো কার্যালয় সূত্রে জানা গেছে, ধরলা, ব্রহ্মপুত্র নদ ও তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রায় ২০০টি চর-দ্বীপচর গ্রাম প্লাবিত হয়ে দেড় লক্ষাধিক মানুষ ফের পানিবন্দী হয়ে পড়েছে। ধরলা অববাহিকায় অনেক চর ও দ্বীপচর গ্রামের মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে বাঁধে আশ্রয় নিচ্ছে। অপর দিকে, কুড়িগ্রাম কালেক্টরেট ভবনে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বন্যাপরিস্থিতি নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মো. জাকির হোসেন। আবারও বন্যাপরিস্থিতির অবনতি ঘটায় সবাইকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।