নীলফামারীতে নাটক 'বোধ' মঞ্চস্থ
নীলফামারীতে মঞ্চনাটক বোধ গত শনিবার রাতে শিল্পকলা অডিটরিয়ামে মঞ্চস্থ হয়েছে।
এ নাটকে দেখা যায়, পিতা ঘিসু ও পুত্র মেধোকে বেঁচে থাকার লড়াইয়ে ক্ষুধা করে তুলেছে অমানবিক। বেঁচে থাকার লড়াইয়ে সম্পর্কের বন্ধন কোনো ভূমিকা রাখে না তাদের জীবনে। সামান্য কয়েকটি পোড়া আলু নিয়ে তাদের মধ্যে দেখা গেছে লড়াই। নিজের সন্তানসম্ভবা পুত্রবধূর অতিসামান্য খাদ্য কেড়ে নিতে ঘিসু উদ্বুদ্ধ করে ছেলে মেধোকে। ছেলে মেধো বোধহীন জন্তুর মতো কেড়ে নেয় বধূর সেই খাবার। সমাজের এমন চিত্র ফুটে ওঠে ওই বোধ নাটকে।
সংলাপ গ্রুপ থিয়েটারের ২৬তম প্রযোজনার এ নাটকের নাট্যকার মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নাট্যরূপে ছিলেন স্বপন দাস। নাটকের নির্দেশক মোস্তফা হীরা মঞ্চে উপস্থিত থেকে নির্দেশনা দেন সংলাপ গ্রুপ থিয়েটারের অভিনয় শিল্পীদের। নীলফামারী থিয়েটার ওই নাটকের আয়োজন করে।
নীলফামারী থিয়েটারের সভাপতি আবদুল বারী বলেন, নাটকটি উপভোগ করেছেন নীলফামারীর চার শতাধিক দর্শক। নাটকের সংলাপে ফুটে উঠেছে বোধহীন একটি সমাজের চিত্র। দর্শকদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টিতে কাজ করবে নাটকটি।