নীলফামারীতে নির্মিত হবে হাইটেক পার্ক
তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ জনশক্তি সৃষ্টি করতে নীলফামারীতে হাইটেক পার্ক ও আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। গতকাল শুক্রবার এগুলো নির্মাণের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
গতকাল সকালে জেলা শহরের অদূরে দারোয়ানী টেক্সটাইল মিলের পাশে হাইটেক পার্কের ১৫ একর ও আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশেই কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটারের সফটওয়্যার, কমিউনিকেশন হার্ডওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার, ডিজাইন অ্যান্ড কনসালট্যান্সি এবং ইলেকট্রনিক সামগ্রীর নকশা তৈরি করা সম্ভব হবে। হাইটেক পার্কের পাশে নির্মাণ হবে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক জানান, দারোয়ানী টেক্সটাইল মিলের অধীনে ১০৮ একর জমি রয়েছে। এর মধ্যে দারোয়ানী টেক্সটাইল মিলটি রয়েছে ৪০ একর জমির ওপর। বাকি জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় তা বিটিএমসির কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৫ একরে হাইটেক পার্ক, ৩২ দশমিক ৯০ একরে হবে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ২০ একরে করা হবে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প।