নীলফামারীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নীলফামারীতে পরিবহনশ্রমিকদের ডাকা ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নেতারা গত রোববার রাতে টাঙ্গাইল জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ওই ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকেরা। জেলা প্রশাসনের সহায়তায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী জানান, টাঙ্গাইলের জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে রোববার দিবাগত রাত তিনটার দিকে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, রংপুর বিভাগীয় শ্রমিক ফেডারেশন, রাজশাহী বিভাগীয় শ্রমিক ফেডারেশন এবং কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের নেতাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা ফলপ্রসূ হওয়ায় গতকাল সোমবার সকাল ছয়টা থেকে নীলফামারী জেলার ২২টি পথে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এদিকে গভীর রাতে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত নীলফামারীর আন্দোলনরত শ্রমিকদের কাছে না পৌঁছায় গতকাল সকাল নয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালন করেন শ্রমিকেরা। পরে সকাল নয়টার দিকে ধর্মঘট প্রত্যাহারের খবর পাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অভিযোগ, ১৪ জুলাই রাতে মির্জাপুর থানার পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা ডিমলাগামী নাবিল পরিবহনের একটি বাসের চালক আনোয়ারুলকে আটক করে তাঁর দুই পায়ে গুলি করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল।