নীলফামারীতে পুলিশের গুলিতে নিহত ২
নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলায় কেন্দ্রে হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ও আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে জলঢাকা উপজেলার কইমারী ইউনিয়নের গাবরোল ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে জামায়াতের কর্মী মমতাজ আহমেদ (৫০) নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল দিবাগত রাত ১২টার পর ডিমলা উপজেলার ব্যাপারিতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটের সরঞ্জাম পুড়িয়ে দিতে গেলে পুলিশের গুলিতে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি নিহত হন।
তাঁর বাড়ি উপজেলার খালিশা চাপানি গ্রামে। তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।