নীলফামারীতে প্রথম আলো ভলিবল লিগের চূড়ান্ত খেলা
নীলফামারী শহরের বড়মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত প্রথম আলো ভলিবলের চূড়ান্ত খেলায় নীলসাগর এগ্রো ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণ চন্দ্র দেবনাথ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ১৩ মে নীলফামারী পৌরসভা মাঠে শুরু হয় প্রথম আলো ভলিবল লিগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বড়মাঠে অনুষ্ঠিত ওই লিগের চূড়ান্ত খেলায় নীলফামারী নীলসাগর এগ্রো ভলিবল দল মুক্ত ক্রীড়াচক্র নীলফামারীকে ৩-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই লিগে জেলার ১২টি ভলিবল দল অংশ নেয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণ চন্দ্র দেবনাথ বলেন, ‘খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমরা মাদক ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে পারব।’
বক্তারা প্রথম আলোর এই উদ্যোগকে সাধুবাদ জানান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রায় সাত বছর ধরে প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় নীলফামারীতে প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগ ও ভলিবল লিগ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর জেলার ১২টি ভলিবল দল এ লিগে অংশ নেয়।