নীলফামারীর ৩১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ কারণে এসব বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিদ্যালয় পরিচালনার কাজও ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ জেলার ৮৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত প্রধান শিক্ষকের পদের বিপরীতে দায়িত্বরত আছেন ৫৬৮ জন। কিশোরগঞ্জ উপজেলায় ৩১টি, জলঢাকা উপজেলায় ৯২টি, ডিমলা উপজেলায় ৫৫টি, ডোমার উপজেলায় ৬০টি, নীলফামারী সদরে ৬২টি ও সৈয়দপুর উপজেলায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এই ৩১৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা।
সম্প্রতি কিশোরগঞ্জ উপজেলা ছিট রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কথা হয় প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৩০০। প্রধান শিক্ষকসহ শিক্ষকের পদসংখ্যা ছয়টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য।
এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জামুদ্দি মামুদ ও দুলাল হোসেন বলেন, প্রধান শিক্ষক না থাকায় শিক্ষকদের মধ্যে কোনো সমন্বয় নেই। এ কারণে পড়াশোনার মানোন্নয়ন হচ্ছে না, বিদ্যালয় পরিচালনায়ও সমস্যা হচ্ছে।
নীলফামারী সদর উপজেলার বিশমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন সহকারী শিক্ষক আল হোসাইন আদল। তিনি বলেন, তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০। আটজন শিক্ষকের মধ্যে দায়িত্বরত আছে ছয়জন। প্রধান শিক্ষক না থাকায় ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়ে পাঠদান করার পাশাপাশি তাঁকে অফিসের অনেক কাজও করতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এক থেকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০১২ সালে নিয়োগ পরীক্ষার মাধ্যমে ২৭ জন প্রধান শিক্ষককে পদায়ন করার পর আর নিয়োগ-প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়নি।
জেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, বিদ্যালয়গুলোতে পদোন্নতির মাধ্যমে ৬৫ ভাগ ও নিয়োগ-প্রক্রিয়ার মাধ্যমে ৩৫ ভাগ পূরণ করা হয়ে থাকে। কিন্তু পদোন্নতি জটিলতা ও নিয়োগ-প্রক্রিয়ার ব্যবস্থা না হওয়ায় পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘আমার তত্ত্বাবধানে ২৪টি বিদ্যালয় আছে। এর মধ্যে আটটি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকেরা দায়িত্ব পালন করছেন। মুশকিল হলো, অনেক ক্ষেত্রে ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষকদের আদেশ-নির্দেশ মানতে চান না অন্য শিক্ষকেরা।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক বলেন, ‘প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে পড়ালেখায় কিছুটা সমস্যা হচ্ছে। আমরা শূন্যপদ পূরণে সরকারের সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে জানিয়ে আসছি। কিন্তু সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে আশা রাখি, অতি দ্রুত শিক্ষকদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া শুরু করা যাবে।’