নীলফামারীতে বউ-শাশুড়ি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে নিরাপদ মাতৃত্বের লক্ষ্যে বউ-শাশুড়িদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা সদরের রামনগর ইউনিয়নের রামনগর কমিউনিটি ক্লিনিক এবং টুপামারী ইউনিয়নের কিষামত দোগাছি কমিউনিটি ক্লিনিকে দিনব্যাপী ওই সমাবেশ হয়।
দাতা সংস্থা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও লুথারেন এইড টু মেডিসিন ইন বাংলাদেশ (ল্যাম্ব) স্ট্র্যানদেনিং হেলথ আউটকামস ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (শো) প্রকল্প এ সমাবেশের আয়োজন করে।
সকালের দিকে উদ্বোধনী অনুষ্ঠানে রামনগর কমিউনিটি ক্লিনিকে সভাপতিত্ব করেন সিএইচসিপি (কমিউনিটি হেলথ কিনিক প্রোভাইডার) সেলিনা আক্তার ও দোগাছি কমিউনিটি ক্লিনিকের সমাবেশে সভাপতিত্ব করেন সিএইচসিপি শরীফা নুরজাহান। এ সময় বক্তব্য দেন ল্যাম্ব সংস্থার প্রকল্প ব্যবস্থাপক এ এফ এম মোস্তফা সরকার, সহকারী প্রকল্প ব্যবস্থাপক লিটন বালা, সমন্বয়কারী অমর ডি কস্টা, সুভাশিষ সরকার প্রমুখ।
সমন্বয়কারী অমর ডি কস্টা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভকালীন সময়ে বউ-শাশুড়ির সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে গত রোববার জেলার অন্যান্য ইউনিয়নেও বউ-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিভিল সার্জন আবদুর রশীদ।