নীলফামারীতে বজরাং দল নামে সক্রিয় ভূমিদস্যু চক্র
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি কাচারীপাড়ায় একটি সন্ত্রাসী চক্র নানা কৌশলে হিন্দুধর্মাবলম্বীদের জমি বিক্রি করতে বাধ্য করছে। কেউ জমি বিক্রি করতে রাজি না হলে ভুয়া দলিলে ক্রয় দেখিয়ে কিংবা মিথ্যা মামলায় জড়িয়ে জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।দক্ষিণ বাহাগিলি কাচারীপাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৈয়দপুর শহরের হাজি নুর ইসলাম ওই গ্রামে একটি পাটকল করার জন্য জমি কিনছেন। কমিশনের আশায় বজরাং দল নাম দিয়ে কিছু দালাল এলাকার হিন্দুধর্মাবলম্বীদের জমি বিক্রি করতে চাপ সৃষ্টি করছে। উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন্দ গ্রামের মিজানুর রহমান ওরফে দুলালের নেতৃত্বে কথিত বজরাং দলের সদস্যদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না এলাকার মানুষ। এ ব্যাপারে চেষ্টা করেও মিজানুর রহমানের সঙ্গে কথা বলা যায়নি। গ্রামের আতাউর রহমান বলেন, জমি হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল মিথ্যা মামলা দিয়ে হিন্দুধর্মাবলম্বীদের হয়রানি করছে। আর পুলিশ কোনো তদন্ত না করেই নিরীহ মানুষকে গ্রেপ্তার করছে। তাঁদের পক্ষে কেউ কথা বললে তাঁদেরও সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। এভাবে তাঁকেও একটি মামলায় আসামি করা হয়েছে।গ্রামের জ্যোতিভূষণ চন্দ্র রায় (৩৫) বলেন, তাঁর বাবা ধীরেন্দ্রনাথের ৮৩ শতক জমি আছে। ১৯৭২ সালে কেনা ওই জমি ভুয়া ওয়ারিশদের মাধ্যমে ক্রয় দেখানো হয়েছে। গত ১০ মার্চ হাজি নুর ইসলাম লাঠিয়াল বাহিনী পাঠিয়ে ওই জমি দখল করার চেষ্টা চালান। এ ঘটনায় তিনি নুর ইসলাম গংকে বিবাদী করে আদালতে মামলা করেন।এলাকাবাসী জানান, এলাকার পবিত্র চন্দ্র রায় (৩০), বাসুদেব চন্দ্র রায় (৪৫) ও জ্যাতিভূষণ রায়কে (৩৫) গত ১৩ মে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। ২১ মে তাঁরা জামিনে মুক্তি পান।জ্যোতিভূষণ রায় বলেন, ‘তারা আমার নামেই নয়টি মামলা করেছে।’ এ ছাড়া গ্রামের অনেকের নামে মিথ্যা মামলা হওয়ায় তাঁরা রাতে পুলিশের ভয়ে গ্রামে থাকতে পারছেন না।এ বিষয়ে হাজি নুর ইসলাম বলেন, ‘ওই এলাকায় আমি একটি বড় পাটকল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এলাকায় ১২ একর জমি কিনব। প্রায় সাত একর কেনা হয়েছে। জমিজমা বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। এসব দেখাশোনা করেন আমার নিয়োজিত ব্যক্তি জাকির হোসেন। তিনি কীভাবে কার কাছে জমি কিনছেন, তা তিনিই ভালো বলতে পারবেন।’জাকির হোসেন বলেন, ‘জমি কিনতে কিছু কৌশলের প্রয়োজন। হিন্দু আইনে মেয়েরা পৈতৃক সম্পত্তির ভাগ পান না। ফলে এমন ভেজাল (সমস্যা) জমির ওয়ারিশ খুঁজে তাঁদের কাছ থেকে আমরা জমি লিখে নিয়েছি। বাধা এলে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি প্রকৃত মালিকদের। কোনো সমস্যা যাতে না হয়, এ জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মোটা অঙ্কের উৎকোচ দিয়েছি।’ নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘ওরা আমাদের জমি কিনতে দিচ্ছে না, আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কথায় কথায় আমাদের ওপর চড়াও হচ্ছে। বাধ্য হয়ে আমরা মামলার পথ বেছে নিয়েছি।’বাহাগিলি ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ওরফে দুলু শাহ দাবি করেন, জাকির হোসেনের কাছ থেকে তিনি কোনো উৎকোচ নেননি। তিনি বলেন, ‘ওই এলাকার হিন্দুধর্মাবলম্বীরা অত্যন্ত নিরীহ। এ সুযোগে দুর্বৃত্তরা তাঁদের ভয়ভীতি দেখানোর সুযোগ পাচ্ছে। এলাকার চেয়ারম্যান হিসেবে আমি চাইব, দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হোক।’সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) উজ্জ্বল কুমার রায় এ বিষয়ে বলেন, ওই এলাকায় জমিজমাসংক্রান্ত ঘটনাটি অনেক জটিল। এ নিয়ে অধিকতর তদন্ত করছে পুলিশ।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সোলায়মান আলী বলেন, ‘যত দূর জানি, সেখানে জমি ক্রয়-বিক্রয় নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। আমার জানামতে, সেখানকার চারটি মামলা তদন্তাধীন আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’