নীলফামারীতে বন্যার অবনতি, দোহারে ৫০ দোকান পদ্মায়

দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় গতকাল মঙ্গলবার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল। তবে নীলফামারীতে কিছুটা অবনতি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি সামান্য কমায় এই অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ করা গেছে। এদিকে ঢাকার দোহার উপজেলায় বেড়িবাঁধ ভেঙে পদ্মায় বিলীন হয়েছে অর্ধশত দোকান।
উত্তরাঞ্চলে বন্যা অপরিবর্তিত থাকলেও গতকাল বাসসের খবরে বলা হয়েছে, এদিন সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র অববাহিকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া ও সিরাজগঞ্জে বন্যার আরও অবনতি ঘটেছে। প্রধান নদ-নদীর পানি আরও বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যাকবলিত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরাত দিয়ে খবরে আরও বলা হয়, প্রধান নদীগুলোর অববাহিকায় পরবর্তী ৪৮ ঘণ্টা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে।
গতকাল নীলফামারীতে বন্যার অবনতি হয়। ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বন্যাকবলিত মানুষ অর্ধাহাের-অনাহারে মানবেতর জীবন কাটাচ্ছে। ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোট খাতা গ্রামের বাঁধে আশ্রয় নেওয়া অশীতিপর তছিরন বেওয়া বলেন, ‘বাবা মোর নামটা নেকো কেন। মোর ঘরত চার দিন থাকি পানি উঠি মাচাং ভাঙ্গি গেইছে। ঘরটাও ভাঙ্গেছে, মুই থাকিম কোনঠে।’
একই গ্রামের শুখবালা বলেন, ‘হামরা পানিতে ডুবি হাবুডুবু করছি। ভাত রান্ধি খাবার পাইছ না। আর তোমরা হামার ছবি তুলি বেচায়ছেন।’ এ সময় আরও অনেকেই ত্রাণ না পেয়ে কষ্টে থাকার কথা জানান। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বলেন, ‘আমার ওয়ার্ডের পূর্ব বাইশপুকুর, পশ্চিম বাইশপুকুর ও মোজার চর গ্রামের ৭০০ পরিবার বন্যায় আক্রান্ত। সরকারিভাবে ১৬০টি পরিবারকে একবারই সহায়তা দেওয়া হয়েছে। নতুন কোনো বরাদ্দ পাওয়া যায়নি।’
ডিমলার টেপা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, তাঁর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মধ্যে সহায়তা পেয়েছে মাত্র ১০০ পরিবার।
যমুনার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জে বন্যার উন্নতি হয়নি। গতকাল সকালে যমুনার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পাউবো জানায়, বৃষ্টি হতে থাকলে পানি আবার বাড়তে পারে। দুর্গত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেখা দিয়েছে খাওয়ার পানির সংকট। জেলার দুই লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। দুর্গম অঞ্চলে গতকাল পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি।
জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার কিছুটা উন্নতি হয়েছে। উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা, ডাকাতিয়া মেন্দা ও মীর কুটিয়া গ্রামের ২০০ পরিবারের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে গতকাল পানি কিছুটা কমেছে। সারী-গোয়াইনঘাট এবং গোয়াইনঘাট-সালুটিকর রাস্তায় যান চলাচল শুরু হয়েছে। তবে উপজেলা সদরের সঙ্গে সাতটি ইউনিয়নের সংযোগ রক্ষাকারী রাস্তা এখনো পানির নিচে। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সঙ্গে সংযোগ রক্ষাকারী অন্তত ১২টি সড়ক এখনো পানির নিচে।
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গতকাল সকাল থেকে পানি কমা শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রয় নেওয়া তিন হাজারের বেশি বন্যাদুর্গত মানুষ ত্রাণ পায়নি। বন্যায় ১০টি ইউনিয়নের ৫৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ হাজার কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ২৮০ হেক্টর জমির বীজতলা ও ৩৬০ হেক্টর রোপা আমন।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পানি কমছে। গত শুক্রবার উপজেলার ধুরুং খালে মাছ ধরতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যাওয়া বেড়াজালি গ্রামের জাহাঙ্গীর আলম ও তাঁর ছেলে শামছুল আলমের লাশ রোববার উদ্ধার করা গেলেও মেয়ে ফাতেমার খোঁজ এখনো মেলেনি।
দোহারে পদ্মায় দোকান: ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট বাজারে গত ২৪ ঘণ্টায় পদ্মায় বিলীন হয়েছে অর্ধশত দোকান। এ ছাড়া দোহার-মানিকগঞ্জ বেড়িবাঁধের ৮-১০ ফুট অংশ ভেঙে গেছে। দোহারের অরঙ্গাবাদ বাজার থেকে বাহ্রাঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জায়গায় পদ্মার ভাঙন তীব্র হয়েছে। বসতবাড়ি-ভিটেমাটি হারিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটছে ক্ষতিগ্রস্ত পরিবার। অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তা ও উঁচু সড়কে। এক মাসে উপজেলার নয়াবাড়ী, নারিশা ও মাহমুদপুর ইউনিয়নের পাঁচ শতাধিক বসতবাড়ি ও দোকানঘর নদীতে বিলীন হয়েছে।
বাহ্রাঘাট এলাকার চান মিয়া (৫৫) বলেন, তাঁর ঘর-দরজা সব শেষ। পার্শ্ববর্তী বাংলা বাজার এলাকায় বছরে ১০ হাজার টাকা জমি ভাড়া নিয়ে অস্থায়ী ঠাঁই নিয়েছেন। গতকাল মেঘুলার রানীপুর গ্রামে একটি পাকা মসজিদ মুহূর্তে নদীতে বিলীন হয়। এ রকম আরও চারটি মসজিদ নদীতে হারিয়ে গেছে।
গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি সামান্য কমলেও তা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফরিদপুরের তিনটি উপজেলার কয়েক শ পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। এ ছাড়া জেলার ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে। সদরপুর উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয় সরিয়ে নেওয়া হচ্ছে। ফরিদপুরে বন্যাকবলিত তিনটি উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৮ মেট্রিক টন চাল ও ৮০ হাজার টাকা।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও নীলফামারী এবং সিলেট, নবাবগঞ্জ (ঢাকা), গোয়ালন্দ (রাজবাড়ী), ধরমপাশা (সুনামগঞ্জ), ফটিকছড়ি (চট্টগ্রাম) ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি}