নীলফামারীতে বার্ড ফ্লু ২ হাজার ৩৮৯টি মুরগি নিধন, ডিম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার রামনগর গ্রামে এক খামারে গতকাল বুধবার বিকেলে বার্ড ফ্লুতে আক্রান্ত দুই হাজার ৩৮৯টি মুরগি নিধন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। খামারের মালিক আকমল হোসেন জানান, গত কয়েক দিন ধরে তাঁর খামারে মুরগি মারা যাচ্ছিল। বিষয়টি জেলা প্রাণিসম্পদ বিভাগকে জানালে তারা তিনটি মুরগির নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং ২৩ মার্চ রাতে বার্ড ফ্লুর কথা জানায়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে ওই খামারে মুরগি মারা যাচ্ছিল। আমরা খবর পাওয়ার পর ২৩ মার্চ সকালে নমুনা সংগ্রহ করে জয়পুরহাট পশুরোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠাই। ২৩ মার্চ রাত আটটার দিকে বার্ড ফ্লু নিশ্চিত হয়ে ফ্যাক্স বার্তার মাধ্যমে আমাদের জানানো হয়। বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রফিকের নেতৃত্বে নীলফামারী কালেক্টরেটের তিনজন ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে সেখানে অভিযান চালিয়ে দুই হাজার ৩৮৯টি মুরগি নিধন ও তিন হাজার ৫৬০টি ডিম ধ্বংস করে মাটির নিচে পুঁতে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রফিক বলেন, আমরা প্রতিটি সেডে গণনার পর ওই পরিমাণ মুরগি ও ডিম পেয়েছি।