নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারের অদূরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ডিমলার উদ্দেশে ছেড়ে আসা অনিক পরিবহনের একটি বাসের সঙ্গে কালীগঞ্জ বাজারের আগে ডোমার থেকে ছেড়ে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের যাত্রী ব্যবসায়ী জাকির হোসেন (৫৫) ও পিকআপ চালক আবুল কালাম (৪৫) নিহত হন। আহত হন পিকআপের আরেক যাত্রী সাদ্দাম হোসেন (২৫)। সাদ্দামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাকির ও আহত সাদ্দাম হোসেনের বাড়ি ডোমার উপজেলা শহরের কাজিপাড়ায়। নিহত চালকের বাড়ি একই এলাকার ছোটরাউতা গ্রামে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, বাসটি আটক করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।