নীলফামারীতে বাস মালিক সমিতির সব বেআইনি কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা বাস মালিক সমিতির ঘোষিত দূরপাল্লার কোচ চলাচলে প্রতিবন্ধকতাকে বেআইনি ঘোষণা করে তাদের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহনসংক্রান্ত কমিটির (আরটিসি) সভায় এ সিদ্ধান্ত হয়।জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাম্প্রতিক এক সিদ্ধান্তে বলা হয়, প্রতিটি উপজেলার দিবাকালীন কোচগুলো সকাল সাড়ে সাতটার মধ্যে কাউন্টার ত্যাগ করবে এবং সকাল নয়টার মধ্যে সৈয়দপুরের ওয়াপদা মোড় ও কিশোরগঞ্জের মাগুরা মোড় অতিক্রম করবে। আর ঢাকা থেকে ছেড়ে আসা দিবাকালীন কোচগুলোকে সন্ধ্যা সাতটার পর মাগুরা মোড় ও সৈয়দপুর টার্মিনাল অতিক্রম করে জেলার অভ্যন্তরে প্রবেশ করতে হবে এবং রাত্রীকালীন কোচগুলোকে রাত নয়টার পর কাউন্টার ত্যাগ করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে হবে।আরটিসির সভাপতি জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন বলেন, এত দিন তারা বেআইনিভাবে সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও মঙ্গলবারের সিদ্ধান্তের পর সেটা করতে পারবে না। তিনি বলেন, তারা গাড়ি তল্লাশি করারও কোনো ক্ষমতা রাখে না। তবে সভায় মালিক সমিতির কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।