নীলফামারীতে ভোটকেন্দ্রে সহিংসতা, অগ্নিসংযোগ ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মামলায় সদর, জলঢাকা ও ডিমলা উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত সময়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, ইটাখোলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের মামলায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিষমুড়ি সরকারপাড়ার বিএনপির কর্মী জয়নাল আবেদীনকে (৫০) মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান ও ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান, ভোটকেন্দ্রে সহিংসতার মামলায় জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামতপাড়ার সৈয়দ আলী (৫৫) ও তার ছেলে মশিউর রহমান (২২) এবং ডিমলার খালিশা চাপানী গ্রামের আজহারুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।