নীলফামারীতে বিএনপির এক নেতার পদত্যাগ
নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির শ্রমবিষয়ক সম্পাদক শ্রমিক নেতা গোলাম রহমান গতকাল শনিবার পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি ওই পদত্যাগের কথা জানান।
ওই বিজ্ঞপ্তিতে গোলাম রহমান জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, জেলা জিয়া সংসদের সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকেও পদত্যাগ করার কথা জানান।
গোলাম রহমান ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেন, জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী, সাধারণ সম্পাদক সামসুজ্জামান স্বেচ্ছাচারিতার মাধ্যমে দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে অসাংগঠনিক লোক দিয়ে জেলা বিএনপির কমিটি গঠন করেছেন। কারও সঙ্গে আলোচনা না করে ও তৃণমূল নেতাদের অনুরোধ উপেক্ষা করে তাঁরা নিজ স্বার্থ রক্ষায় অরাজনৈতিক লোকদের সদর উপজেলা বিএনপির সব কমিটি ও জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। এতে জেলার নেতা-কর্মীরা হতাশ।
গোলাম রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘যেখানে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়, একক স্বেচ্ছাচারিতা ও অর্থের দাপট খাটানো হয়, সেখানে জাতীয়, দলীয় ও সামাজিক অধিকার প্রতিষ্ঠিত করা কোনোভাবে সম্ভব না। তাই নিজের সম্মান ও অস্তিত্ব রক্ষায় জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, জেলা জিয়া সংসদের সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকেও পদত্যাগ করেছি।’
গোলাম রহমানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সামসুজ্জামান বলেন, ‘গোলাম রহমান আমার ও সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।’