নীলফামারীতে বিএনপির ২৩ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট, হুমকিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জলঢাকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফাহমিদ ফয়সাল চৌধুরীসহ ২৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার দুপুরে নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক রমেশ কুমার দাগা জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৩ আগস্ট সকালে জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভায় দলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সভা পণ্ড হয়ে যায়। সভামঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় প্রায় ২৫ জন আহত হন।
সংঘর্ষের জের ধরে ভাঙচুর করা হয় জলঢাকা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ইসলামের বাসভবন। এ ঘটনায় শাহিনুর ইসলামের বাবা আবদুর রাজ্জাক জলঢাকা থানায় ফাহমিদ ফয়সাল চৌধুরীসহ ৩৩ জনের নামে একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পলাতক ২৭ জনের মধ্যে গতকাল বিকেলে ২৩ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বাকি চারজন এখনো পলাতক।
এ ঘটনায় ওই দিন সন্ধায় জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জলঢাকা উপজেলা, পৌর বিএনপি এবং সব সহযোগী ও অঙ্গসংগঠনের সব রকম সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।