নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও সৈয়দপুর থানার ওসির অপসারণের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার জয়নাল আবেদীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সকালে শহর প্রদক্ষিণ করে। পরে সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার জয়নাল আবেদীন, সাবেক সাংসদ আলীম উদ্দিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আকতার হোসেন, ডিমলার উপজেলা চেয়ারম্যান আবতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগের নেতা শাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ প্রমুখ। বক্তৃতায় আগামী তিন দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা না হলে আন্দোলনের হুমকি দেওয়া হয়।জেলা প্রশাসক জিল্লুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, আপনাদের কর্মসূচিতে অংশ নেব। অতিরিক্ত পুলিশ সুপার নূর আহমেদ পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অতি সত্বর গ্রেপ্তারের আশ্বাস দেন।গত ২৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানকে জবাই করে হত্যা করে। এ সময় তিনি সৈয়দপুর শহর থেকে তাঁর গ্রামের বাড়িতে ফিরছিলেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মোখলেছুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই মমতাজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রণজিৎ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া রণজিৎকে আদালতের মাধ্যমে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।