নীলফামারীতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
পুরোনো মামলার জট নিরসন ও দ্রুত এসব মামলা নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে গতকাল শুক্রবার বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিচার বিভাগীয় সম্মেলন হয়েছে।নীলফামারী জেলা জজশিপের আয়োজনে গতকাল সকালে জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ।সম্মেলনে বক্তারা বলেন, দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমার বিচার নিষ্পত্তিতে উদ্ভূত সমস্যাগুলো নিরূপণ করে দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাঁরা আরও বলেন, ফৌজদারি মামলায় বেশির ভাগ সময় সাক্ষী নিয়ে জটিলতা সৃষ্টির কারণে মামলার দ্রুত নিষ্পত্তি হয় না। এর কারণ হিসেবে তাঁরা পুলিশের তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতির কথা বলেন। সম্মেলনে জানা যায়, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জেলার বিভিন্ন আদালতে ১০ হাজার ৪৮২টি মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের আগস্ট থেকে ২০০৬ সালের আগের সব মূল দেওয়ানি মামলা, দেওয়ানি ও ফৌজদারি আপিল, রিভিশনসহ বিভিন্ন প্রকার পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।সম্মেলনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনছার আলী, যুগ্ম জেলা ও দায়রা জজ আবদুর রশিদ, মুখ্য বিচারিক হাকিম মনসুর আলম, জ্যেষ্ঠ সহকারী জজ কামরুন্নাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওহাব চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আমিনুর রহমান, পুলিশ সুপার আলমগীর রহমান, সহকারী জজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।