নীলফামারীতে বিদ্যালয়ে তালা মানববন্ধন পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারের শহীদ সঞ্চৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামানের অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে শহরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

এর আগে শনিবার বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ বজায় রাখতে সব শিক্ষকের বদলি ও পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামানের অপসারণ দাবি করে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন অভিভাবকেরা। একই দাবিতে গতকাল সকালেও শহরের বাটা মোড়ে মানববন্ধন ও পরে ইউএনওর কাছে স্মারকলিপি দেন তাঁরা। এ সময় আসাদুজ্জামানের নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয় বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।

এর কিছুক্ষণ পর শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকেরা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করলে সেখানে তাঁদের ওপরও হামলা হয়। এ বিষয়ে আসাদুজ্জামানের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মণ্ডল বলেন, ‘সোমবার ঘটনা তদন্ত করা হবে।’

এক শিক্ষিকার সঙ্গে আসাদুজ্জামানের অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে বৃহস্পতিবার তাঁর স্ত্রী হুমায়রা আক্তার লোকজন জড়ো করে প্রতিবাদ করেন।