নীলফামারীতে বিদ্যুতের দাবিতে পবিসের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে নীলফামারী সদর উপজেলার তিনটি ইউনিয়নের কৃষকেরা গতকাল পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয় ঘেরাও করেন। একই দাবিতে তাঁরা নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।জানা গেছে, লোডশেডিংয়ের কারণে নীলফামারীর সদর উপজেলার খোকশাবাড়ী, গোরগ্রাম ও চওড়া বড়গাছা ইউনিয়নের কৃষকেরা তাঁদের বোরো খেতে বিদ্যুৎচালিত পাম্প দিয়ে সেচ দিতে পারছেন না। এক সপ্তাহ ধরে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ কারণে ওই তিন ইউনিয়নের কৃষকেরা গতকাল দুপুরে বিদ্যুতের দাবিতে নীলফামারী শহরের কাছে সুটিপাড়ায় অবস্থিত নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) প্রধান কার্যালয় ঘেরাও করেন। পবিসের নীলফামারী কার্যালয়ের মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান বলেন, ‘জেলায় ১৮৪টি গভীর নলকূপসহ ১১ হাজার ৫০০ সেচপাম্প আছে। এ জন্য ২৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন । আমরা পাচ্ছি সাড়ে ৪ থেকে ১০ মেগাওয়াট। গতকাল থেকে বরাদ্দ বাড়ানো হয়েছে। এখন আর কোনো সমস্যা থাকবে না।’