নীলফামারীতে বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর, সড়ক অবরোধ
পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদে এবং বিদ্যুতের দাবিতে নীলফামারীতে গতকাল শনিবার যুবলীগের নেতৃত্বে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করা হয়েছে। বিক্ষোভকারীরা ওই কার্যালয় ভাঙচুর এবং কার্যালয়ের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে সেখানে সমাবেশ করেছেন। গতকাল দুপুরে নীলফামারী শহরের অদূরে মশিউর রহমান ডিগ্রি কলেজের সামনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক এবং আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এসে জড়ো হন। সেখান থেকে তাঁরা যুবলীগের ব্যানারে মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও করেন। সেখানে বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপকের কামরাসহ কার্যালয়ে ভাঙচুর চালান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর বিক্ষুব্ধ লোকজন কার্যালয়ের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে সমাবেশ করেন। ঘটনার পর নীলফামারী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ সেখানে গিয়ে নেতা-কর্মীদের শান্ত করেন।সেখানে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আ. রফিক, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, পঞ্চপুকুর ইউপির চেয়ারম্যান অহিদুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ। বক্তারা নীলফামারী পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও কৃষকদের হয়রানির অভিযোগ তুলে তাঁদের অপসারণ দাবি করেন। পরে নীলফামারী পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান সেখানে গিয়ে আন্দোলনকারীদের বলেন, ‘জেলায় পল্লী বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াটের বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে আট মেগাওয়াট। এ কারণে আমাদের লোডশেডিং করতে হচ্ছে। তবে আজ থেকে রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত কোনো সমস্যা হবে না।’নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান তাঁর কার্যালয় ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলায় দুজন আনসার ছাড়াও ১০-১২ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ বলেন, ‘পল্লী বিদুতের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। নিজেদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ ঢাকতে তাঁরা নিজেরাই ভাঙচুর করে নেতা-কর্মী ও কৃষকদের ওপর দোষ চাপাচ্ছেন।’নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বলেন, কতিপয় দুষ্কৃতকারীর ভাঙচুর চালানোর খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।