নীলফামারীতে কালবৈশাখীর ছোবলে বিদ্যুতের ৩৩ কেভি সরবরাহ লাইনের দুটি টাওয়ার বিধ্বস্ত হয়েছে৷ ফলে বুধবার সন্ধ্যা সাতটা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া সৈয়দপুর, রংপুর, বদরগঞ্জ ও তারাগঞ্জেও ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিদ্যুৎ না থাকায় গ্রীষ্মের ভাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে৷ একই সঙ্গে বন্ধ হয়ে গেছে বিভিন্ন কল-কারখানার উৎপাদন৷ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: বুধবার সন্ধ্যা সাতটার দিকে নীলফামারী শহরের ওপর দিয়ে প্রচণ্ড গতির ঝড় বয়ে যায়৷ এ সময় ঝড়ের তাণ্ডব ও বজ্রপাতে জেলা সদরের সংগলসী ইউনিয়নের বড় সংগলসী গ্রামে সৈয়দপুর থেকে নীলফামারী ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের দুটি টাওয়ার বিধ্বস্ত হয়। এর ফলে ওই সময় থেকে সৈয়দপুর বাদে জেলার পাঁচটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল রাত নয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি৷
শহরের সবুজপাড়ার গৃহিণী আল রাফিয়া বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ঝড় শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতভর বিদ্যুৎ না আসায় পানি সরবরাহ বন্ধ থাকে। চার্জারের চার্জ শেষ হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার মুঠোফোনগুলোও বন্ধ হতে থাকে। রান্নাবান্নায়ও সমস্যা সৃষ্টি হয়। এ ছাড়া বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় ভাপসা গরমে কঠিন সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নীলফামারীর নির্বাহী প্রকৌশলী রুবেল ইসলাম বলেন, ঝড়ে সৈয়দপুর থেকে নীলফামারী ৩৩ কেভি সরবরাহ লাইনের দুটি টাওয়ার বড় সংগলসী গ্রামে বিধ্বস্ত হয়। এ ছাড়া ৩৩/১১ কেভি নীলফামারী উপকেন্দ্রের (লাইটিং এরেস্টার) বজ্রপাত নিরোধক বিস্ফোরিত হয়। সেটি রাতেই সংস্কার করা হলেও টাওয়ারগুলো অপসারণ করে সেখানে নতুন করে খুঁটি স্থাপনে সময় লাগছে৷
ঝড়ে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহ লাইনের আটটি খুঁটি উপড়ে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির ছয়টি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তবে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তিনটি ফিডার চালু করা গেছে৷
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নে কমপক্ষে আড়াই শ ঘরবাড়ি বিধ্বস্ত এবং পাঁচ শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি উঠতি বোরো ধানেরও ক্ষতি হয়েছে। ঝড়ে বৈদ্যুতিক খঁুটি উপড়ে যাওয়ায় গোটা উপজেলা পাঁচ ঘণ্টা অন্ধকারে ছিল৷
রংপুর: শহরের ১০টি এলাকার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে ও খঁুটি উপড়ে পড়ায় এসব এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খঁুটি উপড়ে পড়ায় শহরের ধাপ, মেডিকেল, মেডিকেল পূর্ব গেট, পাকার মাথা, সিও বাজার, সর্দারপাড়া, বানিয়াপাড়া, ইসলামবাগ, খলিফাপাড়া এলাকায় বুধবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় এসব এলাকার জনগণ পানিসংকটে পড়েছেন।
এদিকে বানিয়াপাড়া, সিও বাজার ও সর্দারপাড়া এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব এলাকার বড় বড় গাছ উপড়ে পড়েছে।
বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর): তারাগঞ্জ উপজেলার মেনানগর গ্রামে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের চারটি খুঁটি ঝড়ে উপড়ে পড়ায় বদরগঞ্জ উপজেলাসহ তারাগঞ্জের একাংশে বুধবার রাত আটটা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে তারাগঞ্জে ছয় হাজার এবং বদরগঞ্জের ১৯ হাজার গ্রাহক ভাপসা গরমে দুর্ভোগে রয়েছেন।
পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-২ বদরগঞ্জ এলাকার মহাব্যবস্থাপক হাদিউজ্জামান গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বলেন, ওই বৈদ্যুত্যিক খুঁটিগুলো মেরামত করার কাজ চলছে। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।