নীলফামারীতে বিদ্যুৎবিভ্রাট
নীলফামারীতে বারবার বিদ্যুতের আসা-যাওয়া ও কম ভোল্টেজের কারণে বোরো চাষের এই মৌসুমে বিপাকে পড়েছেন কৃষকেরা। বিদ্যুতের সমস্যায় কলকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ-সঞ্চালন লাইন দুর্বল থাকায় চাহিদানুযায়ী বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের সেচপাম্প মালিক ও কৃষক নুরুজ্জামান বলেন, ‘১২ বিঘা জমিতে বোরো লাগাইছি। চৈত্রের শুরু থাকিই (থেকে) বিদ্যুতের সমস্যা। দিনে-রাইতে ১০ থাকি ১২ বার বিদ্যুৎ যায়। সন্ধ্যার পর আবার আছে লোডশেডিং। দিনের বেলাত তো ভোল্টেজ থাকেই না। একটা মেশিন চালাইলে আরেকটা বন্ধ রাখন নাগে। কম ভোল্টেজ আর হঠাৎ কইরা বিদ্যুতের যাওয়া-আসায় মেশিনেরও বারোটা বাজতাছে।’
জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জে অবস্থিত শামসুল অটো রাইস মিলের স্বত্বাধিকারী সামসুল হক বলেন, ‘এমনিতে হরতাল-অবরোধে আমরা ক্ষতিগ্রস্ত। তার ওপর বিদ্যুতের আসা-যাওয়া ও লো-ভোল্টেজে মিল চালানো যায় না।’
পিডিবি সূত্রে জানা যায়, নীলফামারী জেলা সদরসহ পাঁচ উপজেলায় পিডিবির আওতায় সৈয়দপুর গ্রিড থেকে বিদ্যুৎ আসে। এখানে প্রায় ৪৫ হাজার গ্রাহক। প্রয়োজন সাড়ে ২৪ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু সৈয়দপুর থেকে নীলফামারী পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি সঞ্চালন লাইনটি খুব পুরোনো হওয়ায় সমস্যা হচ্ছে। ওই লাইনে ১৮ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নেওয়া যাচ্ছে না। এর বেশি সরবরাহ নিলেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘আমাদের পুরো জেলায় বিদ্যুতের চাহিদা সাড়ে ২৪ মেগাওয়াট। আমাদের যে অবকাঠামো আছে, তাতে ২৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ নিতে পারব আমরা। কিন্তু সরবরাহ লাইনটি পুরোনো হওয়ায় ওই লাইনে ১৮ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ নেওয়া সম্ভব হচ্ছে না।’ তিনি স্বীকার বলেন, সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়ায় কিছুটা সমস্যা হচ্ছে। সরবরাহ কম থাকায় ভোল্টেজেরও সমস্যা হচ্ছে। বর্তমানে জেলা সদরেই পিডিবির আওতায় এক হাজার ২৫০টি সেচপাম্প চলছে। বিদ্যুৎ সরবরাহের লাইনটি সংস্কার করা গেলে আর সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ লাইনের ধারণক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।