নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামে ধানখেতের মধ্য দিয়ে অবৈধভাবে নেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন এক দিনমজুর ও তাঁর ছেলে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিনমজুরের নাম মোকবুল হোসেন (৬০) ও তাঁর ছেলে মনোয়ার হোসেন (৩৫)। বাবা ও ছেলে দুজনই সেচপাম্প মালিক আবু সাইদ সরকারের বাড়িতে দিনমজুরি খাটতেন।
গ্রামের প্রভাবশালী আবু সাইদ তাঁর বাড়ির পাশের পল্লী বিদ্যুতের লাইনের খুঁটি থেকে অবৈধভাবে হুকের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে বসানো সেচপাম্পে সংযোগ দেন। ওই তার নেওয়া হয়েছিল রোপা আমন খেতের জমির ওপর দিয়ে। গতকাল সকালে সেচপাম্প চালু না হওয়ায় তারে ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করতে পাঠানো হয় মনোয়ারকে। তার পরীক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জমিতে লুটিয়ে পড়েন মনোয়ার। অদূরেই কাজ করতে থাকা মনোয়ারের বাবা মোকবুল ছুটে গিয়ে ছেলেকে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী দ্রুত তাঁদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সেচপাম্প মালিক আবু সাইদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবির বলেন, এ ঘটনায় সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) মোকছেমুল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।