নীলফামারীতে ব্যবসায়ী বগুড়ায় কিশোরীর লাশ
নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল শুক্রবার সকালে গোলাম মোস্তফা (৬৫) নামের এক পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বগুড়া শহরে আসমা খাতুন (১৬ ) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ৷
গোলাম মোস্তফার বাড়ি ডোমারের জোড়াবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে৷ পারিবারিক সূত্র জানায়, গোলাম মোস্তফা জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বাজারে পান-সুপারির ব্যবসা করতেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বাজারে যান৷ রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন গতকাল সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বাঁশঝাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
বগুড়া শহরের মালতিনগর-শান্তিবাগ এলাকা থেকে লাশ উদ্ধার হওয়া আসমা খাতুন স্থানীয় রিকশাচালক হযরত আলীর মেয়ে৷ পুলিশ জানিয়েছে, আসমা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখে। গতকাল সকালে স্থানীয় লোকজন ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন৷ পরে লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷