নীলফামারীতে ভোট গণনা শেষে হট্টগোল
নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণনা শেষে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিপেটা ও তিনটি রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংগলশী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সাব সেন্টারে ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা নীলফামারীর উদ্দেশে রওনা দেন। এ সময় সন্ধ্যা ছয়টার দিকে তাঁদের পথ রোধ করে পরাজিত ওয়ার্ড সদস্য প্রার্থীর সমর্থকেরা। তারা সেখানে ভোট পুনঃগণনা দাবি জানায় ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা ও তিনটি রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিমাদ্রী শংকর রায় বলেন, ‘ভোট গণনা শেষে আমরা নীলফামারী রওনা হওয়ার পথে পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকেরা আমাদের ওপর চড়াও হয় ও তারা ভোট পুনঃগণনা দাবি করে ইটপাটকেলও নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে আমাদের সেখান থেকে নিয়ে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খান প্রথম আলোকে বলেন, কেন্দ্রে ফলাফল ঘোষণা করে ভোটের বাক্স নিয়ে আসার সময় পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকেরা বিজয়ী প্রার্থীকে মারধর করে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশ তিনটি রাবার বুলেট ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।