নীলফামারীতে ভ্যানচালক খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়নের খলিশাপচা মাডারি পুল এলাকায় সুবিত চন্দ্র রায় (২৫) নামের এক রিকশাভ্যানচালককে ছুরিকাঘাতে খুনের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। সুবিতের বাবা ধৌলু রায় গত শনিবার রাতে মামলাটি করেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সুবিত তাঁর ব্যাটারিচালিত রিকশা মেরামত করতে গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে পলাশবাড়ি বাজারে যান। সন্ধ্যা সাতটার দিকে তিনি পলাশবাড়ি বাজার থেকে দুজন অপরিচিত যাত্রী নিয়ে কানাইকাটা রেলঘুণ্টি বাজার এলাকায় আসেন। পরে ওই বাজার এলাকা থেকে আরও দুজন অপরিচিত যাত্রী তাঁর ভ্যানে ওঠেন। রাত আটটার দিকে খলিশাপচা গ্রামের মাডারি পুল এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। তাঁরা প্রথমে তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন এবং পরে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১২টার দিকে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সুবিতের স্ত্রী লিলি বালা (২০) বলেন, ‘আমার স্বামীর সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব ছিল না। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি রিকশাভ্যান মেরামত করতে পলাশবাড়ি বাজারে যান। পরে রাত আটটার দিকে খবর পাই আমার স্বামী খুন হয়েছেন। কে আমার স্বামীকে খুন করতে পারে তা বলতে পারব না। তবে আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’
লিলি বালা উত্তরা ইপিজেডের একটি কারখানার শ্রমিক। সুবর্ণা (৫) নামে তাঁদের একটি মেয়ে রয়েছে। সুবিতের মা বেজো বালা (৫০) মানসিক প্রতিবন্ধী।
কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, পলাশবাড়ি বাজার থেকে কানাইকাটা রেলঘুণ্টির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। রেলঘুণ্টি থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে জ্ঞানদাস কানাইকাটা গ্রামে সুবিতের বাড়ি। রেলঘুণ্টির দেড় কিলোমিটার পশ্চিমে খলিশাপচা গ্রামের মাডারি পুল এলাকা। যেখানে ছুরিকাহত হন সুবিত।
পুলিশ সূত্রে জানা গেছে, ধারালো ছুরি দিয়ে সুবিতের গলা, মাথা ও কোমরে আঘাত করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা বলেন, এ ঘটনায় ধৌলু রায় বাদী হয়ে গত শনিবার রাত ১১টার দিকে একটি হত্যা মামলা করেছেন। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়। ওসি আরও বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।