নীলফামারীতে মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড়ের গৌড়ীয় মিশন মন্দিরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আটটার দিকে মন্দিরের পেছন থেকে আগুন লাগে । এলাকাবাসীর ধারণা, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে ভূমিদস্যুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। মন্দির কমিটির সভাপতি রামকৃষ্ণ রায় জানান, বুধবার রাত আটটার দিকে মন্দিরে আগুন দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে ওঠে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মন্দিরের ঘরের বেড়া ও কালীমূর্তির আংশিক ক্ষতি হয়েছে। তিনি বলেন, সম্প্রতি মন্দিরের জমি দখল নিয়ে যে ঘটনা ঘটেছে, তারই জের ধরে ভূমিদস্যুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় রাতে থানায় একটি মামলা করা হয়েছে। মন্দিরের ভক্ত সুধাংশু রায় জানান, পরিকল্পিতভাবে পেট্রল অথবা কেরোসিন দিয়ে আগুন লাগানো হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটিয়েছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বলেন, মামলার তদন্ত চলছে।মন্দির সূত্র জানায়, মন্দিরের এক একর ২৫ শতক জমির মালিকানা নিয়ে আদালতে একটি মামলা রয়েছে। জেলা প্রশাসক আবদুল মজিদ, পুলিশ সুপার আলমগীর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার নাসরিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।